স্বস্তির ভোট উৎসব
- আপডেট সময় : ১২:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ সারাদেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। ভোটকে কেন্দ্র করে রাজধানীর কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে একাধিক আসনে প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট প্রদান , বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক বাকবিতন্ডায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সকাল থেকে রাজধানীর কয়েকটি সংসদীয় আসন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানাগেছে, ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার সকালে শাহজাহনপুর (রেলওয়ে কলোনী) মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট প্রদান করেন। তবে দুপুরের দিকে একটি কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী সঙ্গে ভোটারদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। ঢাকা ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ সকাল ৮টায় পুরান ঢাকার পাকিস্তান মাঠ আগাসাদেক রোড আইডিয়াল স্কুলে ভোট প্রদান করেন। ওই আসনের বংশাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৮টায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ইসহাক সরকার।
ভোট দিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। আমি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার মানুষের জন্য নিজ উদ্যোগে বিভিন্ন সেবামূলক কাজ করেছি। আশাকরি ভোটাররা ফুটবল প্রতীকে আস্থা রাখবেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য মোঃ লতিফ উল্লাহ জাফরু বলেন, ধানের শীষের প্রতীকে আশা করি ভোটাররা ভোট দিবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।
ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সকাল ৮টায় মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজে ভোট প্রদান করেন। তবে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসলিম জারার নির্বাচনী এজেন্টদেরকে সকালবেলা বিভিন্ন অজুহাতে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঢাকা ১২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব নাখালপাড়া হোসেন আলী স্কুলে ভোট প্রদান করেন। ঢাকা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকাল পৌনে আটটায় টিকাটুলি অভয়দান লেন সেন্ট্রাল ইউমেন্স কলেজে ভোট প্রদান করেন।
ঢাকা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সকাল ৯টায় গ্রীণ রোড (ওয়াইডব্লিউসিএ) স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন। ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী সকাল ৮টায় “যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
ওই এলাকার ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কেন্দ্রে দুপুর পর্যন্ত অন্তত ৩৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কেএম চঞ্চল বলেন, সকাল থেকে ভোটাররা উৎসব মুখ পরিবেশে ভোট দিয়েছে। দীর্ঘ ১৮ বছর পর মানুষ ভোট দিতে পেরে ঈদের চেয়েও বেশি আনন্দে মেতে উঠেছে।
দাঁড়িপাল্লা প্রতীকের কেন্দ্র ইনচার্জ একরামুল হক বলেন, আমার পরিবারেরই ৩ জন সদস্য কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও তাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এরকম অনেক মৃত ভোটার তালিকায় থাকায় ভোটার উপস্থিতি কম বলে জানান তিনি।
ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা জানান, দুপুর দুইটা পর্যন্ত ৩৫ শতাংশ ভোটকাস্ট হয়েছে। তাছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিলেও এদিন দুপুরের পর থেকে কেন্দ্রগুলো ভোটার শূন্য হয়ে পড়ে। আরামবাগ হাইস্কুল কেন্দ্রে ভিন্ন পরিস্থিতির কথা জানা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তুহিন আহম্মেদ অভিযোগ করেন, দুপুরে একদল স্থানীয় লোক হঠাৎ কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তারের চেষ্টা করলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে বিকেলের দিকে ভোটার উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যায়।
তবে ফারহানা নামের এক নতুন ভোটার তাঁর শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে এসে ভোট দেন। তিনি বলেন, ‘বিয়ের আগে ভোটার হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে আগে ভোট দিতে পারিনি। এবার প্রথম ভোট দিতে পেরে অন্যরকম ভালো লাগছে।’
রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও ভোটার উপস্থিতির গড় হার নিয়ে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনমনে স্বস্তির নিঃশ্বাস : অবশেষে দেশব্যাপী বহুল জল্পনার অবসান ঘটিয়ে (১২ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সারাদেশে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। ভোটারদের অপেক্ষায় থাকতে হবে চূড়ান্ত ফলাফলের জন্য।
###









